
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
রাজশাহীর চারঘাট থানার রাওথা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহী। উদ্ধারকৃত অস্ত্রটি পদ্মা নদীর ঘাটসংলগ্ন এলাকায় ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীটি নিয়মিতভাবে জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল চারঘাট থানাধীন রাওথা গ্রামে বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় আশরাফ মিয়ার বাড়ির পশ্চিম পাশে পদ্মা নদীর ঘাটের কাছাকাছি এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান এবং একটি গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটি সেখানে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা অস্ত্রটির মালিকানা বা এর উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে এর সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, কোনো অপরাধী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রটি আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেটি ফেলে পালিয়ে যেতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি চারঘাট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।