
ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে দড়িখরবোনা মোড়, কাদিরগঞ্জসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। র্যালি শেষে নগর ভবন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য প্রদান করেন।
সমাবেশে প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের পরিবার এবং প্রিয় শহরকে সুরক্ষিত রাখতে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
মাহফুজুর রহমান রিটন বলেন, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। কারণ এডিস মশার বিস্তার রোধে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ সমানভাবে গুরুত্বপূর্ণ।
তিনি জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। একইভাবে ডেঙ্গু প্রতিরোধেও নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই মশক নিধনের অংশ হিসেবে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।
র্যালিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
এছাড়াও সিডিসির সদস্যবৃন্দ, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা র্যালিতে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বার্তা নগরবাসীর মাঝে পৌঁছে দেন।