
মাদকবিরোধী অভিযানে রাজশাহীতে আটক দুই মাদক ব্যবসায়ী, হেরোইন-ইয়াবা ও নগদ টাকা উদ্ধার
মোঃ শাহিনুর রহমান আকাশ
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পবা ও মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— পবা থানার টিকরীপাড়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সুজন রেজা সোহান (২৮) এবং মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো. হাসান শেখের ছেলে মো. আলম শেখ (৪২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীতে বসবাস করতেন।
গত ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানার মথুরা গ্রামের তালতলা এলাকায় অভিযান চালিয়ে সুজন রেজা সোহানকে আটক করা হয়। একই দিন রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে আলম শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় সুজন রেজা সোহানের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অপরদিকে আলম শেখের কাছ থেকে ১২ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭২০ টাকা এবং একটি মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।