
গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত।
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিংকি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বোর্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল শেখ ফরিদপুর কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৫৮) দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সজল ও তাঁর সঙ্গে থাকা পিংকি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল শেখকে মৃত ঘোষণা করেন। আহত পিংকির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের ভাষ্য, সজল তাঁর চাচিকে আনতে গোয়ালন্দ থেকে দৌলতদিয়ার দিকে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
এ বিষয়ে গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।