
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৬ মামলায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য, ওজনে কারচুপি এবং পণ্য সংরক্ষণে প্লাস্টিকের বস্তা ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ছয়টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গোয়ালচামট এলাকার মেসার্স আরিফ ইন্ডাস্ট্রিজকে অস্বাস্থ্যকর পরিবেশে গম সংরক্ষণ, পোকায় আক্রান্ত গম প্রক্রিয়াজাতকরণ এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দক্ষিণ আলীপুরের চেয়ারম্যান ফ্রেশ ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, হাজী শরীয়ত উল্লাহ বাজারের আঃ ছাত্তার স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স মোল্লা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স মা কালী ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং গোয়ালচামটের ক্যাফে ফুড গার্ডেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স নির্মাণ এন্টারপ্রাইজকে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদের জন্য আবেদন করতে এক কার্যদিবস সময় দেওয়া হয়। অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ থাকায় কাচ্চি মাস্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
জেলা প্রশাসন, বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ ও পাট অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।