
চাতরী চৌমুহনীতে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১
মো: আমজাদ হোসেন
পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম)
আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নটু মিত্র নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নটু মিত্র উপজেলার আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় জড়িত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।