
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার পেয়ে একযোগে আনন্দে মাতল দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থী!
‘তারেক রহমানের জন্মদিনে ব্যতিক্রমী এমন আয়োজন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’
ইউসুফ আলী শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উপহারে আনন্দে মেতে উঠেছে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থীরা। দুই উপজেলার ৬২ হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত মগ ও নিমগাছের চারা। একযোগে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনের বিশেষ উপহার হিসেবে শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়। গত ২০ নভেম্বর জন্মদিনের দিন মোকামতলা হাইস্কুল ও শিবগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজ হাতে ৫ হাজার শিক্ষার্থীর হাতে মগ ও নিমগাছের চারা তুলে দেন।
এর ধারাবাহিকতায় আজ ২২ নভেম্বর দুই উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আরও ৫৭ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব উপহার বিতরণ করা হয়। ফলে দুই উপজেলার মোট ৬২ হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর জন্মদিনের বিশেষ উপহার।
একই দিনে দুই উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপহার বিতরণের এই আয়োজন যেন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের এক অভিন্ন উৎসবে পরিণত হয়। কারও হাতে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত মগ—এমন উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। জন্মদিনের আনন্দকে শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি পরিবেশের প্রতি সচেতনতা তৈরির বার্তাও পৌঁছে যায় এই আয়োজনের মধ্য দিয়ে।
একদিকে প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা ও শুভকামনা, অন্যদিকে শিক্ষার্থীদের হাতে সবুজের ভবিষ্যৎ তুলে দেওয়া—দুটি বিষয়কে একসূত্রে গেঁথে মীর শাহে আলমের এই উদ্যোগ দুই উপজেলায় ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের দৃষ্টান্ত হয়ে উঠেছে।