
গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম।
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ৪ নং পিরব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিদ্দিপুর গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম।
তিনি প্রতিনিয়ত গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লায় ছুটে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। এলাকার মানুষের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ, সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং তাদের প্রত্যাশা ও দাবিগুলোকে গুরুত্ব দিচ্ছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রভাষক শাহাজুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। কোনো বৈষম্য নয়, সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
এলাকাবাসীর সঙ্গে তাঁর এই নিয়মিত যোগাযোগ ও গণসংযোগ স্থানীয় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।