
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ।
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
শনিবার (২১ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা অলিভ অয়েল ঢাকায় নেওয়া হচ্ছিল। এ সময় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে পুলিশের একটি দল মহাসড়কে ফুট পেট্রোল পরিচালনা করছিল।
একপর্যায়ে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে নসিমনটি থেকে দুটি সাদা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায় চালক। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা অলিভ অয়েলের আনুমানিক সিজার মূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দকৃত পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে অনুসন্ধান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জব্দ দেখিয়ে থানায় জমা রাখা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট এবং ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।