
শিবচরে ইউএনও ইবনে মিজানের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
এস এম আলমগীর হোসাইন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনা ও বাতিল করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ মানুষ। রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শিবচর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন। ‘শিবচরবাসীর প্রাণের দাবি’ শীর্ষক ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুজ্জামান নাসিম, মুজাহিদুল ইসলাম তালুকদার, হাফেজ জাফর আহমেদ ও সাংবাদিক শাহীন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে সাইফুজ্জামান নাসিম বলেন, এইচ এম ইবনে মিজান একজন অত্যন্ত বিনয়ী, ভদ্র ও জনবান্ধব কর্মকর্তা। মাত্র এক বছর তিন মাসের দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন, তা শিবচরবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তাঁর মতে, শিবচরের ইতিহাসে জনসাধারণের সঙ্গে এতটা সহজ ও সরাসরি যোগাযোগ রক্ষা করা কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম।
তিনি আরও বলেন, ইউএনও ইবনে মিজান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতেন। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনতে তিনি নিজেই মানুষের দ্বারে দ্বারে যেতেন। তাঁর কাছে নিজেদের সমস্যা তুলে ধরতে সাধারণ মানুষকে কোনো ধরনের প্রটোকল বা আনুষ্ঠানিকতার অপেক্ষায় থাকতে হতো না। যে কেউ সহজেই তাঁর কাছে গিয়ে নিজেদের সুখ-দুঃখের কথা বলতে পারতেন। তিনি সাধ্যমতো দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন।
সাইফুজ্জামান নাসিম অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর জনবান্ধব ও দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে বদলির পেছনে ভূমিকা রেখে থাকতে পারে। দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষার জন্য তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে বক্তারা মনে করেন, একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তাকে শিবচরের মতো গুরুত্বপূর্ণ উপজেলায় আরও কিছুদিন দায়িত্ব পালনের সুযোগ দেওয়া প্রয়োজন।
সাংবাদিক শাহীন শিকদার বলেন সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে কোনো কর্মকর্তা যদি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন এবং এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করেন, তাহলে তাঁর বদলির বিষয়টি জনস্বার্থ বিবেচনায় পুনর্বিবেচনা করা উচিত। শিবচরের মানুষের প্রত্যাশা, ইউএনও ইবনে মিজানকে তাঁর বর্তমান কর্মস্থলে বহাল রাখার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
বক্তারা আরও বলেন, তাঁদের এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; বরং শিবচরের উন্নয়ন, সাধারণ মানুষের সেবা পাওয়ার অধিকার এবং একজন জনবান্ধব কর্মকর্তার প্রতি স্থানীয় মানুষের আস্থার বহিঃপ্রকাশ। তাঁরা আশা প্রকাশ করেন, জনসাধারণের এই দাবি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
মানববন্ধন শেষে ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনা ও বাতিল করে তাঁকে শিবচরে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করে তাঁদের সমর্থন জানান। পরে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শিবচরবাসীর প্রাণের দাবি ও জনমতের প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনা করবেন।