
নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি
জামালপুর জেলা প্রতিনিধি।।
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর পৌরসভাধীন ফৌজদারি মোড় সংলগ্ন নাওভাঙ্গা মৌজায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অবৈধ দখল ও অস্থায়ী বাজার স্থাপনের অভিযোগ উঠেছে। আদালতের রায় ও ডিক্রি পাওয়ার পরও জমি বুঝে নিতে গিয়ে বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন জমির দাবিদার মোঃ জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় তিনি জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (ইনচার্জ) বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নাওভাঙ্গা মৌজার সংশ্লিষ্ট জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমির মালিকানা ও স্বত্ব নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে ২০২০ সালে মামলাটি পরিচালিত হয়। পরবর্তীতে ২০২২ সালের ৭ জুন আদালত থেকে ডিক্রি প্রাপ্ত হন বলে অভিযোগকারী দাবি করেছেন।
তাঁর অভিযোগ, আদালতের ডিক্রি পাওয়ার পরও প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি জমিতে অবৈধভাবে দখল বজায় রেখে অস্থায়ী বাজার স্থাপন করেছেন। পাশাপাশি জমিতে প্রবেশ ও ভোগদখল করতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং বাধা প্রদান করা হচ্ছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, সংশ্লিষ্ট জমির সিএস, আরএস,বিএস, বিআরএস ও দিয়ারা খতিয়ান এবং দাগ নম্বর উল্লেখ করে ভূমির তফসিল সংযুক্ত করা হয়েছে। জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
এদিকে, জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে।
স্থানীয়ভাবে জমির প্রকৃত মালিকানা, আদালতের ডিক্রির বাস্তবায়ন এবং কথিত অবৈধ বাজার স্থাপনের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রশাসন ও পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।