
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা
আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্স থেকে এবার অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা, বৈদেশিক মুদ্রা এবং প্রথমবারের মতো সোনার চামচ ও বাটি জমা পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদের ১০টি স্থায়ী সিন্দুক ও ৫টি অস্থায়ী ট্রাংকসহ মোট ১৫টি দানবাক্স খোলা হয়। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন আনুষ্ঠানিকভাবে দানবাক্স খোলার কার্যক্রম উদ্বোধন করেন।
দানবাক্স খোলার পর রেকর্ড ৫১ বস্তা টাকা ও প্রায় এক বস্তা চিঠি পাওয়া যায়। প্রায় ৬৮০ জনের অংশগ্রহণে দিনভর গণনা শেষে শনিবার রাতে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকার হিসাব নিশ্চিত করা হয়। প্রাপ্ত নগদ অর্থ রূপালী ব্যাংকে মসজিদের নির্ধারিত অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এছাড়া প্রাপ্ত স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণের জন্য জেলার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এর আগে, সকালে দানবাক্স খোলার কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, সর্বশেষ গত ২৭ জুন ২০২৬ তারিখে দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা পাওয়া গিয়েছিল। আজকের অর্থ যুক্ত হওয়ার আগে পাগলা মসজিদের তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা।
জেলা প্রশাসক আরও বলেন, “পাগলা মসজিদকে ঘিরে মানুষের এই অকৃত্রিম ভালোবাসা ও আস্থা আমাদের অনুপ্রাণিত করে। এই বিপুল জনআস্থা যেমন গৌরবের, তেমনি এর যথাযথ ব্যবস্থাপনা ও জনকল্যাণে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
মসজিদের উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে তিনি জানান, দানের অর্থ থেকে ইতোমধ্যে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে ৩টি নামাজের শেড, অজুখানা ও মহিলাদের জন্য ওয়াশরুম নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে মসজিদের নামে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জায়গা ক্রয় করা হয়েছে এবং কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরিশেষে তিনি সব বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
দানবাক্স খোলা ও গণনার সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, পাগলা মসজিদ ও রূপালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।