
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহত সেনাসদস্যের পরিবারের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তাঁর পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করা হয়। পাশাপাশি নিহত সেনাসদস্যের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গোলাগুলির ঘটনায় সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।
নিহত সেনাসদস্যের পরিবারের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।