
জামালপুর জেলা প্রতিনিধি, মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অবস্থিত “জিরন ব্রিকস” নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত ১০ মে ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে ভাটার চুল্লির আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয় এবং নতুন নির্মিত দুটি চিমনি অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জামালপুর-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন এবং তাদের সহায়তায় ইটভাটার চুল্লির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশের সদস্যরাও সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে এবং পরিবেশ ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।