
ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
জেলা প্রতিনিধি (নরসিংদী) :
মোঃ ইকবাল হোসেন
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার পাখি ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। তিনি মেয়েকে নিয়ে স্থানীয় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
সন্ধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে ঘোড়াশাল বাইপাস
এলাকার রেললাইনে ওঠেন আকলিমা। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের
ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় মেয়ে রাফা মনি।
পরে আশঙ্কাজনক অবস্থায় রাফা মনিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন
অবস্থায় তারও মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ রাতে
ঘটনাস্থলে পৌঁছে নিহত আকলিমার মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, এ ঘটনায়
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#
১৬/১০/২০২৬