
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
মো: আমজাদ হোসেন
পটিয়া প্রতিনিধি (চট্টগ্রাম) :
চট্টগ্রাম, ২০ নভেম্বর ২০২৬: দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
*বহদ্দারহাট* :বাদ জুমা বহদ্দারহাট থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, “জুলাই যোদ্ধারা এখনো ঘরে ফিরে যায়নি। তরুণরা রাজপথেই আছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে তারাই যথেষ্ট। জনগণের প্রাণের দাবি মেনে নিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। অন্যথায় আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদবিরোধীদের গণপ্রতিরোধের মুখে আপনাদেরও দেশ ছাড়তে হতে পারে।”
প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার বলেন, “যারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছেন, তাদের বাড়িঘর আমাদের চেনা আছে। বেশি বাড়াবাড়ি করবেন না।”
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলটি পরিচালনা করেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জসিম উদ্দীন, জুলাই বিপ্লবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক মোহাম্মদ আলী ও নগর জুলাই সংগঠক রিয়াদ হাসানসহ নেতৃবৃন্দ।
*ডবলমুরিং থানা*: সকাল ১১টায় হালিশহরের ওয়াপদা মোড়স্থ প্রিন্স অব চিটাগাংয়ের সামনে থেকে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। থানা জামায়াতের আমীর ফারুকে আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
এতে আরও বক্তব্য রাখেন থানা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ইমরানুল হক, ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রহিম মোল্লা, ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহিম, আব্দুল কাদের ও জামায়াত নেতা হাফেজ আবু তাহের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেও তারা ক্ষান্ত হয়নি। নতুন করে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে। সাধারণ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষের জানমাল ও নিরাপত্তা বিপন্ন করা হচ্ছে। এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়।
*ইপিজেড ও বন্দর থানা* :দুপুর ১টা ৪৫ মিনিটে বন্দরটিলা আলী শাহ মসজিদ মোড় থেকে ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফ্রিপোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা হয়তো মনে করছে, এভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। আমরা চাই, সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের ঘোষিত রায় দ্রুত কার্যকর করা হোক এবং দেশকে কলঙ্কমুক্ত করা হোক।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারও দায় এড়াতে পারে না। একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে সরকার একটি মেনে নিয়েছে, অন্যটি মেনে নেয়নি। গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না।
ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে এবং থানা বিএম সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমীর ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের শূরা সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলম, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ, পতেঙ্গা থানা সেক্রেটারি মো. বেলাল ও ৪০ নম্বর ওয়ার্ড আমীর মো. ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
*হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানা* : জুমার নামাজের পর নগরীর সাগরিকা মোড় থেকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের আগে সাগরিকা মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পাহাড়তলী থানা জামায়াতের আমীর মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকবর শাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, এফডিইবি থানা শাখার আমীর ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সিবিএফ থানা সেক্রেটারি মোহাম্মদ রফিক, হালিশহর থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহান।
বক্তারা বলেন, “জুলাই সনদ অর্থাৎ গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। তাই জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আকবর শাহ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম ও সহকারী সেক্রেটারি আফসার উদ্দিন শাহীন, পাহাড়তলী থানা সেক্রেটারি আহসান উল্লাহ, হালিশহর থানা নায়েবে আমীর ড. শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, পাহাড়তলী থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা এবিএম সুলাইমানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
*কোতোয়ালী ও সদরঘাট থানা*: একই কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী এলাকায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমির হোসাইন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। কর্মসূচি সঞ্চালনা করেন মোস্তাক আহমদ।
এতে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আ.ন.ম. জোবায়ের, সদরঘাট থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলে এলাহি শাহীন, কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুল ইসলাম এবং কোতোয়ালী দক্ষিণ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বখতিয়ার ফাহিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের সেক্রেটারি সালাহউদ্দিন আহমদ, জামায়াত নেতা ওসমান গনি, কবির আহমদ, একরামুল হক, শহীদ হোসেন ও ওয়াসি উদ্দিন আনছারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশগুলোতে বক্তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।