
সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি
আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্টো চাঁদাবাজির মামলায় কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে। এতে যোগ দিতে ওইদিন সকাল ৭টায় ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট থেকে বাসযোগে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন ময়মনসিংহ বিভাগের গণমাধ্যমকর্মীরা। একই দাবিতে ঢাকা ও গাজীপুর থেকেও পৃথকভাবে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হবেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সখীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনিরকে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কর্মসূচির বিষয়ে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো ধরনের হয়রানি বা অন্যায়ভাবে গ্রেপ্তার কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা কারাবন্দি চার সহকর্মীর নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলাম। কিন্তু তাঁদের মুক্তি না দেওয়ায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আগামী ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে আমরা আমাদের পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিক নির্যাতন হলে কোনো ছাড় দেওয়া হবে না।”
সংগঠনটির নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে দেশের সকল গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনকে আগামী ২৬ নভেম্বরের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন ওই চার সাংবাদিক। পরদিন তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৬ নভেম্বর টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনটির চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ১৯ নভেম্বরের মধ্যে তাঁদের মুক্তি না দিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন।