
টানা পাঁচ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা, পানিবন্দি তিন লাখ মানুষ
মোহাম্মদ আরিফ কক্সবাজার প্রতিনিধি
টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের সদর, চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন তিন লাখের বেশি মানুষ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম তলিয়ে গেছে। ডুবে গেছে অসংখ্য বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও বিস্তীর্ণ কৃষিজমি। অনেক এলাকায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিক্ষা খাতে। বিভিন্ন স্কুল-কলেজে পানি ঢুকে পড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। অনেক শিক্ষার্থী বই-খাতা নিরাপদে রাখতে পারেনি, আবার অনেকে বাড়ি থেকে বের হতেও পারছে না। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
চকরিয়া পৌরশহরের হাসপাতালপাড়া, থানা সেন্টার এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে। পাহাড়ি ঢলের পানিতে কাঁচা ঘরবাড়ি, মাছ ও চিংড়ির ঘের, ফসলি জমি এবং গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।