
আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের খোঁজখবর নিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) টাঙ্গাইল সফরে যাচ্ছেন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিকসহ সংগঠনটির একটি প্রতিনিধি দল।
সংগঠনটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, সফরকালে প্রতিনিধি দলটি টাঙ্গাইল আদালত ও কারাগারে গিয়ে কারাবন্দি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেবে। এছাড়া গ্রেপ্তার সাংবাদিকদের আইনি সহায়তা, পেশাগত নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করবে প্রতিনিধি দলটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকার চাকলাপাড়ায় মাদক সেবনের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয়দের একটি পক্ষ চার সাংবাদিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সখীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া চার সাংবাদিক হলেন— এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী তানিম আহমেদ (সানিম মিয়া)। শনিবার দুপুরে পুলিশ তাঁদের টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ফজলুর রহমান এজাহারে দাবি করেছেন, ওই সাংবাদিকেরা মাদকসেবীদের ভিডিও ধারণ করে ভয় দেখিয়ে চাঁদা দাবি করেছিলেন এবং স্থানীয়রা তাঁদের আটক করেন। অন্যদিকে, গ্রেপ্তার সাংবাদিক, তাঁদের পরিবার ও স্থানীয় সহকর্মীদের দাবি, তাঁরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের ‘মব’ ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, মাদক সেবনের ভিডিও ধারণ করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাঁদের ফাঁসানো হয়েছে এবং মামলার এজাহারে মাদক সেবনকারীদের কাউকে আসামি করা হয়নি।
এ বিষয়ে সখীপুর থানা পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।