
দেবাশীষ চাকমা, স্টাফ রিপোর্টার।
খাগড়াছড়ি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে মহালছড়ি উপজেলার তিনটি এলাকায় বিশেষ টহল পরিচালনা করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহালছড়ি থানাধীন মোবাছড়ি ইউনিয়নের সিঙ্গীনালা, বাঘমারা ও ধমপতি বাজার এলাকায় এ বিশেষ টহল পরিচালিত হয়। এতে সরাসরি নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। টহলকালে এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ির শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।