
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী বাঘঘোনা এলাকায় রিদওয়ান নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, রিদওয়ানের পিতা আব্দুল মালেক ওরফে বেলম্বু অতীতে ওই এলাকার একজন কুখ্যাত ডাকাত ছিলেন। পিতার মৃত্যুর পর রিদওয়ান তার অপরাধী চক্রের নেতৃত্ব নিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নোয়াখালী বাঘঘোনা এলাকায় সংঘটিত বিভিন্ন অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে রিদওয়ান জড়িত বলে তাদের ধারণা। তাদের অভিযোগ, তিনি সশস্ত্র সহযোগীদের নিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের অপহরণ করেন এবং তার কাছে দেশি-বিদেশি অস্ত্র থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এছাড়া এলাকাবাসীর অভিযোগ, রিদওয়ানের শ্বশুরবাড়ি হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হওয়ায় তিনি বিভিন্ন সময় সেখানে অবস্থান করে আত্মগোপন করেন এবং সেখান থেকে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করা হলে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে নোয়াখালী বাঘঘোনা এলাকায় অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।