
সুমন রায় সৈয়দপুর,প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ কাকড়া তুহিন বাজার এলাকার সুইচগেট সংলগ্ন তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে খালাসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম সিনহা (৪) এবং অপরজনের নাম পাখি (১২)। সম্পর্কে তারা ভাগ্নি ও খালা।জানা যায়, কয়েক জন শিশু তুহিন বাজার সুইচগেট সংলগ্ন সেচ ক্যানেলের পাশে খেলাধুলা করছিল। খেলা শেষে সিনহা (৪) শিশুটি ক্যানেলে গোসল করতে নামে। একপর্যায়ে তাকে পানিতে ডুবে যেতে দেখে পাখি (১২) খালা তাকে উদ্ধারের জন্য পানিতে নামলে তিনিও ডুবে যান।পরে সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।