
মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদম উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে গত বুধবার রাতে (২ সেপ্টেম্বর ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলীকদম থানার নিয়মিত টহলরত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।স্থানীয়ভাবে ইয়াবা সেবনের তথ্যের ভিত্তিতে প্রশাসন ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকের সময় তাদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা সেবনের বিষয়টি উঠে আসে।মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে আজ সকালে আলীকদম থানা কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করেছে।আলীকদমের সাধারণ মানুষের দাবি, মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযান যেন শুধু সেবনকারীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে।মাদক সরবরাহকারী, ব্যবসায়ী, সিন্ডিকেটের সদস্য এবং এর পেছনে জড়িত মূলহোতাদেরও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।কোনো ব্যক্তি বা প্রভাবশালী সিন্ডিকেটের ক্ষেত্রে আইনের প্রয়োগে বৈষম্য না করা;সেবনকারী থেকে মাদক ব্যবসার মূলহোতা পর্যন্ত সবাইকে আইনের আওতায় আনা;প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি জোরদার করা।আলীকদমবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং আইনানুগ কঠোর পদক্ষেপের মাধ্যমে একটি মাদকমুক্ত আলীকদম গড়ে তোলা সম্ভব হবে।