
মোহাম্মদ উজ্জল খান, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভার ও আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর পৃথক বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সানোয়ার হোসেন (৪২) ও আমিনুল ইসলাম (৪৩)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।অপরদিকে, এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সিয়াম হোসেন (২৬), ইমতিয়াজ শেখ শান্ত (২৯) ও মোঃ মেহেদী হাসান হিরু (৫২)-কে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া পাঁচ নম্বর আসামি মোঃ মেহেদী হাসান হিরু (৫২)-এর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে।