
কেরানীগঞ্জ প্রতিনিধি:তাহামিনা আক্তার
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে চুম্বন করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষক প্রদীপ স্যারের পদত্যাগের দাবি জানিয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের দশম শ্রেণির ৬৬ জন শিক্ষার্থী।শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষক প্রদীপ স্যার বিভিন্ন সময় ছাত্রীদের সঙ্গে অস্বস্তিকর আচরণ ও কটু মন্তব্য করতেন। এর আগেও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে জড়িয়ে ধরার অভিযোগ উঠেছিল বলে শিক্ষার্থীরা দাবি করেন। সর্বশেষ দশম শ্রেণির এক শিক্ষার্থীকে চুম্বনের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়।শিক্ষার্থীদের ভাষ্য, তারা এখন এমন বয়সে পৌঁছেছে যখন এ ধরনের আচরণের সামাজিক ও মানসিক প্রভাব তারা বুঝতে পারে। ফলে ঘটনাটি তাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি ও মানসিক অস্বস্তির সৃষ্টি করেছে। এ কারণেই তারা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে দেওয়া আবেদনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাকে পদত্যাগে বাধ্য করার দাবি জানানো হয়েছে।এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক প্রদীপ স্যারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বিদ্যালয় কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী সিদ্ধান্তের পর অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।