
অপু দাস, রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর সিপিএসসি। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।র্যাব-৫ সূত্রে জানা যায়, বাঘা থানাধীন বাঘা পৌরসভার কলিগ্রাম গ্রামের একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পায় র্যাব। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করে সেখানে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়।এরপর ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১টা ২০ মিনিটের দিকে র্যাব-৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল কলিগ্রাম গ্রামের মো. রেজাউল করিমের টিনসেট আধাপাকা বসতবাড়িতে অভিযান চালায়।অভিযানের সময় বাড়ির একটি শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে চৌকির নিচে রাখা একটি অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৭৫ বোতল ফেয়ারডিল পাওয়া যায়। একই সময় সিমেন্টের বস্তা দিয়ে তৈরি একটি বাজারের ব্যাগের ভেতর বিশেষ কৌশলে রাখা আরও ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।র্যাবের দাবি, দুটি পৃথক স্থান থেকে উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের পরিমাণ মোট ১২৫ বোতল। অভিযানকালে ঘটনাস্থলে থাকা তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শেষে গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর বাঘা থানার কলিগ্রাম গ্রামের মৃত আকশেদ মণ্ডলের ছেলে মো. রেজাউল করিম (৪২), পাবনা জেলার ঈশ্বরদী থানার নুরমহল কলেজ রোড এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. মোশরাফ (৫৫) এবং একই এলাকার মৃত রজব আলীর ছেলে মো. আজিজুল হক (৩৮)।অভিযান শেষে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ১২৫ বোতল ফেয়ারডিল, দুটি মুঠোফোন এবং নগদ ১ হাজার ৭০০ টাকা।র্যাব-৫ জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখা এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।