
সবুজ নগরী গড়তে রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
অপু দাস
রাজশাহী ব্যুরো।
সবুজ ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ১ নম্বর ওয়ার্ডে শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ১ নম্বর ওয়ার্ডের পীর সাহেব পাড়ায় অবস্থিত ‘প্লেজার কিন্ডারগার্টেন’ স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের আঙিনায় কয়েকটি চারা গাছ রোপণ করেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মোহন আলী ও আখলেছুর রহমান সাজিম উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম জাভেদ টিংকু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব মো. আল ফেরদৌস জিন্নাহ, ২ নম্বর ওয়ার্ড যুবদলের (পূর্ব) আহ্বায়ক শাহাদৎ হোসেন নবীন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের (পশ্চিম) সদস্য সচিব মো. মুরাদ হোসেন, যুবদল নেতা লিয়ন, আল ফারাবি রাজ ও রকি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্লেজার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরাও অংশ নেন। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির পরিবেশবান্ধব বার্তা তুলে ধরা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নগরীর পরিবেশ রক্ষা, বৃক্ষের সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে তারা জানান।
পুরো কর্মসূচির সমন্বয় ও আয়োজনে সহযোগিতা করেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের (পূর্ব) যুগ্ম-আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ।
কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং অংশগ্রহণকারী সবার প্রতি ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।