
পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর-পাগলিডাঙ্গা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মহিমাপুর পাগলিডাঙ্গা মোড়ের বটগাছের নিচে পাকা সড়কের ওপর তন্ময় মন্ডলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তন্ময় মন্ডল পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে এ ঘটনায় তন্ময় মন্ডলের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।