
চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—গাজিরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের শেখ মোকলেছের মেয়ে রিমা আক্তার (২০) এবং বেপারীডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বিন্দুডাঙ্গী গ্রামের নিজ বাড়ির আঙিনা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রিমা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে বেপারীডাঙ্গী গ্রামের নিজ বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রাশেদ মৃধাকে আটক করা হয়। তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক সার্কেল) বেলায়েত হোসেন।