
মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে একটি মসজিদের দক্ষিণ পাশে আমবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃমাহমুদুল হক (৪৫), মোঃ সুজন হোসেন (২৭), আব্দুল হাকিম (২৪) মোঃ ইকবাল হোসেন (৩৫)। তাঁরা সবাই মান্দা উপজেলার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই আমবাগানে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি বা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।