
কক্সবাজার সদর হাসপাতালে নবজাতক চুরির প্রতিবাদে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর হাসপাতালের নবজাতক বিশেষ পরিচর্যা কেন্দ্র (SCANU) থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও বিক্ষুব্ধ জনতা। এ সময় হাসপাতাল থেকে বারবার শিশু চুরির অভিযোগ তুলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কক্সবাজার সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবারের অভিযোগ, গত ৯ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হাসপাতালের নবজাতক বিশেষ পরিচর্যা কেন্দ্র থেকে তিন দিন বয়সী একটি ছেলে শিশুকে এক নারী চুরি করে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরদিন ১০ অক্টোবর পরিবারকে বিষয়টি জানায় বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা।
নবজাতকের মা রোজিনা আক্তার অভিযোগ করে বলেন, “আমার সন্তানকে হাসপাতালের নিরাপত্তাকর্মী ও নার্স মিলে বিক্রি করে দিয়েছে বলে আমি সন্দেহ করছি। আমি আমার সন্তানকে ফেরত চাই।”
শিশুটির বাবা জাহেদ আলম বলেন, “যেখানে আমি ও আমার সন্তানের মা প্রবেশ করতে পারি না, সেখানে কীভাবে একজন নারী ঢুকে আমার সন্তানকে নিয়ে গেলেন? কেন ঘটনাটি আমাদের কাছে গোপন রাখা হলো? আমরা সন্তানকে দেখতে বারবার অনুরোধ করার পর ১০ অক্টোবর আমাদের ঘটনাটি জানানো হয়। আমি আমার সন্তানকে ফেরত চাই। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে উপস্থিত শিশুটির পরিবারের সদস্য, বিক্ষুব্ধ জনতা ও বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন, কক্সবাজার সদর হাসপাতাল থেকে বারবার শিশু চুরির ঘটনা ঘটছে। তাঁদের দাবি, এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ক্রো দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা শিশুটির পরিবারের সঙ্গে কথা বলছি এবং সিসিটিভি ফুটেজ যাচাই করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, এ ঘটনায় হাসপাতালের কেউ জড়িত আছেন কি না। তদন্তে হাসপাতালের কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, নবজাতক চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মানববন্ধন থেকে দ্রুত নবজাতককে উদ্ধার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।