
ভালুকায় এসি ল্যান্ডের আদেশ পাওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিবেদক, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে দাখিল করা আবেদন নামঞ্জুর করেছেন সহকারী কমিশনার (ভূমি)। নথিপত্র ও দলিল পর্যালোচনা শেষে বিবাদীর নামে সম্পন্ন করা নামজারি ও জমা খারিজ সঠিক বলে আদেশ দিয়েছেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন।
ভূমি কার্যালয়ের আদেশ সূত্রে জানা যায়, জমির নামজারি ও জমা খারিজের বৈধতা চ্যালেঞ্জ করে গোলাম মোস্তফার জমিটি মোঃ শফিকুল ইসলাম নিজের উল্লেখ করে আবেদনটি দাখিল করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট নথিপত্র, দলিল এবং অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, বিবাদী সংশ্লিষ্ট জমি বৈধ সাফ-কাওলা দলিলের মাধ্যমে অর্জন করেন। পরবর্তীতে ওই দলিলের ভিত্তিতে তাঁর নামে নামজারি ও জমা খারিজ সম্পন্ন হয়। পর্যালোচনায় বিবাদীর নামে সম্পন্ন করা নামজারি ও জমা খারিজ সঠিক বলে প্রতীয়মান হওয়ায় আবেদনকারীর দাবি গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।
এদিকে, নালিশি জমিতে সরেজমিন তদন্তকালে আবেদনকারী মো. শফিকুল ইসলামের দখল পরিলক্ষিত হওয়ার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তদন্তের সময় বিবাদী উপস্থিত না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সার্বিক নথিপত্র ও প্রমাণাদি বিশ্লেষণ করে বিবাদীর নামে সম্পন্ন ১২৩৬২(IX-I)/২০২৫-২৬ নম্বর নামজারি ও জমা খারিজ সঠিক বলে আদেশে উল্লেখ করা হয়। একই সঙ্গে The State Acquisition and Tenancy Act, 1950-এর ১৫০ ধারার আওতায় দাখিল করা আবেদন নামঞ্জুর করে মামলাটি নথিজাত করার নির্দেশ দেওয়া হয়।
গত ২০ মে ২০২৬ তারিখে স্মারক নম্বর ০৩.৪৫.৬১১৩.০০০.১৯.০৫২.২৬-১৫৫৭-এর মাধ্যমে আদেশটি জারি করেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ডাকাতিয়া ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে।