
নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল-আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ (Our Hands, Our Future)।
কর্মসূচির শুরুতে নকলা পৌরসভা ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে নিরাপদ স্যানিটেশন এবং সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
তাঁরা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।