
সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কেন? পেশাগত মর্যাদা ও মানবিকতার প্রশ্নে প্রতিবাদ
মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ঢাকা।
ছবির দৃশ্যই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এখানে কে কার গায়ে হাত দিয়েছেন, সেটি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি। তবে একজন সাংবাদিকের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।
যে সাংবাদিক রাজুকে নিয়ে এত আলোচনা, তাঁর ডান হাতটি শারীরিকভাবে অন্যদের মতো স্বাভাবিক নয়। কিন্তু শারীরিক সীমাবদ্ধতাকে কখনোই তাঁর পেশাগত দক্ষতার অন্তরায় হতে দেননি তিনি। একটি হাত দিয়েই সংবাদ সংগ্রহ, ভিডিও ফুটেজ ধারণ, সম্পাদনা থেকে শুরু করে সাংবাদিকতার প্রয়োজনীয় সব কাজ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। তাঁর এই অদম্য প্রচেষ্টা নিঃসন্দেহে সম্মানের দাবিদার।
অথচ সেই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন ভাষায় গালাগাল কিংবা অপমানজনক আচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
মতপার্থক্য থাকতে পারে, কোনো সংবাদে আপত্তি থাকতেও পারে। কিন্তু তার জবাব গালাগাল, হুমকি কিংবা শারীরিক আচরণের মাধ্যমে দেওয়া কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে না।
আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকাশ্য কর্মকাণ্ড ও বক্তব্যের বিষয়ে গণমাধ্যমের পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।
মনে রাখতে হবে, সাংবাদিকতা কোনো ব্যক্তির দয়া বা অনুগ্রহের ওপর নির্ভরশীল পেশা নয়। একজন সাংবাদিকের আত্মমর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
আজ যদি একজন সাংবাদিক তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে অপমানিত ও লাঞ্ছিত হন, তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা কী বার্তা পৌঁছে দিচ্ছি? যে সমাজে প্রশ্ন তোলার অধিকার ও সংবাদকর্মীদের সম্মান নিরাপদ নয়, সেখানে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি কারও অর্থনৈতিক বা সামাজিক প্রভাব যেন তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
সাংবাদিকের পরিচয়, শারীরিক সক্ষমতা কিংবা ব্যক্তিগত অবস্থান যা-ই হোক, তাঁর পেশাগত মর্যাদা ও মানবিক সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।
সাংবাদিকের কলম ও ক্যামেরাকে অপমান নয়, সম্মান করতে শিখুন।
সার্বিক সহযোগীতায় ছিলেনঃ— মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা,
দৈনিক প্রভাতী বাংলাদেশ ও জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা।