
হারাধন চক্রবর্তী
মিরসরাই প্রতিনিধি :
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির জোরারগঞ্জ উপশাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদ, করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমেদ উল্লাহ এবং জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক ও অনুষ্ঠানের সভাপতি আজিজুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংক জোরারগঞ্জ উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মুহাম্মাদ রেজাউল করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্যাশ ইনচার্জ সোহেল আল হামিদ, রাজিব দে, ডেপুটি জুনিয়র অফিসার সাব্বির উল আলম, জাহাঙ্গীর আলম জুয়েল ও দিদাদুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভবিষ্যৎ জীবনে আর্থিক পরিকল্পনা, অর্থের সঠিক ব্যবহার এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।
তাঁরা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি। তাই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই ব্যাংকিং ও সঞ্চয় সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জন করা প্রয়োজন।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা, সঞ্চয় এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠ করা হয়।