
নকলায় মহাসড়ক আইনে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলা উপজেলায় মহাসড়ক আইন ২০২১-এর বিধান লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রত্যেক ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদেশ দেন।
অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাদিউর রহমান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নকলা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।