
বিয়ের মাত্র এক মাস, নতুন সংসার গোছানোর আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের সন্তান বারেক আলী
মো: আমজাদ হোসেন
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা প্রতিনিধি :
বিয়ের আনন্দ এখনো শেষ হয়নি, নতুন সংসার নিয়ে ছিল কত স্বপ্ন আর পরিকল্পনা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই সব স্বপ্ন যেন ভেঙে গেল। বিয়ের মাত্র এক মাসের মাথায় স্ত্রীকে রেখে না ফেরার দেশে চলে গেলেন মোহাম্মদ বারেক আলী।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বারেক আলী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর বিয়ে করেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই বাড়ির জিসান নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন বারেক আলী। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বারেক। পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন, সুস্থ হয়ে আবার বাড়ি ফিরবেন তিনি। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হলো না। নতুন বউকে নিয়ে সংসার সাজানোর আগেই চিরবিদায় নিতে হলো তাঁকে।
যে বাড়িতে এক মাস আগেও ছিল বিয়ের আনন্দ-উৎসব, সেই বাড়িতেই এখন শোকের মাতম। বারেক আলীর এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।