
পটিয়ায় ঈগল বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল প্রবাসফেরত যুবকের
মো: আমজাদ হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রবাস থেকে দেশে ফেরার পর আর বাড়ি ফেরা হলো না ফারেজের (২১)। চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন লোহাগাড়ার এই যুবক। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহীও গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ (বোর্ড অফিস)–এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।
নিহত ফারেজ লোহাগাড়া উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিও একই উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের একজন আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া হাইওয়ে থানার পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।