
মুহাম্মদ সালাহ উদ্দীন, স্টাফ রিপোর্টার : আলীকদম (বান্দরবান)
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জনাব জাবেদ রেজার নেতৃত্বে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমের প্রথম ধাপে চৈক্ষ্যং ইউনিয়ন থেকে কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন আলীকদম উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা বলেন, এই ত্রাণ কার্যক্রম কোনো সরকারি বা আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত নয়।
বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর ব্যক্তিগত তহবিল এবং আলীকদম উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ব্যক্তিগত অর্থায়নে এসব ত্রাণসামগ্রী সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, আমরা জনগণের সুখে-দুঃখে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক নয়, মানবিক দায়িত্ব। জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের ভালোবাসা ও আস্থা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, “দুঃসময়ে যেমন জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আমরা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছি। আলীকদমের কোনো অসহায় মানুষ যেন নিজেদের একা মনে না করেন—এটাই আমাদের প্রত্যাশা।
ত্রাণ পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসে সহায়তা করায় তারা কৃতজ্ঞ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক দায়বদ্ধতা, ব্যক্তিগত অর্থায়ন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আলীকদমে ব্যাপক প্রশংসিত হয়েছে।