
এনসিপির নাগরিক সভায় অনিয়ম-দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে শহরের শকুনি লেকপাড়ে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে এক নাগরিক সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চাকরিতে নিয়োগ-বাণিজ্যসহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এ নাগরিক সভার আয়োজন করে এনসিপির মাদারীপুর জেলা শাখা।
এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আহ্বায়ক নাহিদ ইসলাম সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চাকরিতে নিয়োগ-বাণিজ্য সহ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলেও জানায় নাহিদ ইসলাম। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বলেও মন্তব্য করে এই আহ্বায়ক।
জুলাই সনদ প্রসঙ্গ নিয়ে এনসিপির আহ্বায়ক জানায়, জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে রয়েছে। এ ছাড়া ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবি সহ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং বাংলাদেশের ওপর কোনো আধিপত্যবাদী শক্তিকে প্রভাব বিস্তার করতে না দেওয়ার ঘোষণা দেয় নাহিদ ইসলাম।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলটি তাদের অবস্থান নিশ্চিত করে জানায়, কোনোভাবেই নির্বাচনে কারচুপি হতে দিবে না তারা। বর্তমান সরকার দেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করতে পারছে এমন প্রশ্নও রাখা হয় উক্ত অনুষ্ঠানে। এছাড়া সরকারের সঙ্গে অন্য কোন পক্ষের পর্দার আড়ালে সমঝোতা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছে দলটি।