
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মানিক সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কালকিনি থানার এসআই দেবব্রত চিন্ত্রাপাত্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কয়ারিয়া ইউনিয়নের ছোট চর কয়ারিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মানিক সরদারকে আটক করা হয়। আটক মানিকের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে কালকিনি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জহিরুল আলম জানান, গ্রেফতার মানিক সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।