
কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূ ও জামাইকে মারধর ও জখমের অভিযোগ, আটক ২
মোঃ রাশিদুল ইসলাম, গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে শাহ আলম (৩২) নামে এক ব্যক্তি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মাহিমা আক্তারকে (২২) মারধর এবং গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মনির হোসেন ও পারভেজ নামের দুজনকে গতকাল রাতে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শাহ আলম ও তাঁর স্ত্রীর সাথে প্রতিপক্ষের বিভিন্ন বিষয়ে বিরোধ ও ঝামেলা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেলে কালিয়াকৈর থানাধীন মজিবলচালা এলাকায় পূর্ব শত্রুতার জেরে শাহ আলমের পথরোধ করে প্রতিপক্ষরা।
অভিযোগে প্রকাশ করা হয়, কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় শাহ আলম গুরুতর আহত হন এবং বাঁচাতে গেলে তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাহিমা আক্তারকেও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত করা হয়। এতে গৃহবধূ মাহিমা আক্তার গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে গত রাতে মনির ও পারভেজ নামের দুজনকে গ্রেপ্তার করে করেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।