
গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই।
মোঃ রাশিদুল ইসলাম, গাজীপুর।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈরে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ও জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত উপজেলার কোথাও লকডাউনের সমর্থনে কোনো মিছিল, পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই কালিয়াকৈর শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানাসহ অন্যান্য কলকারখানার শ্রমিকেরা যথারীতি কর্মস্থলে যোগ দিয়েছেন। উপজেলার কোথাও কোনো কারখানা বন্ধ থাকার খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, সফিপুর বাজার, মৌচাক ও কালিয়াকৈর বাজার এলাকায় দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে, এ ছাড়া সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাটবাজারগুলোতেও প্রতিদিনের মতো স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কালিয়াকৈরে বাজারের একজন ব্যবসায়ী বলেন, ‘লকডাউন’ ডাকলেই তো আর মানুষ ঘরে বসে থাকবে না। সকাল থেকেই আমাদের দোকানপাট খোলা রয়েছে, ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করছেন, কোথাও কোনো আতঙ্ক নেই।
এদিকে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও শিল্পাঞ্চল এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নাশকতাবিরোধী অবস্থানে সকাল থেকেই মাঠে তৎপর রয়েছেন বিএনপি ও যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা, সকালে কালিয়াকৈরে দলীয় কার্যালয় উদ্বোধন ও বিক্ষোভ মিছিল শেষে যেকোনো নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন স্থানীয় নেতারা।
কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।