
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার
আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ, ১৯ নভেম্বর ২০২৬:
মাঠপর্যায়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে তদারকি ও পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং এসআরবি-১৪ (র্যাব-১৪), ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা।
সরেজমিনে পরিদর্শনকালে ডিআইজি, বিভাগীয় কমিশনার ও এসআরবি-১৪ অধিনায়ক ব্যস্ততম সড়ক ও বাজার এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁরা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও জনসাধারণের বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
মতবিনিময়কালে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জননিরাপত্তা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।