
চট্টগ্রামে খাতুনগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
মো: আমজাদ হোসেন
পটিয়া উপজেলা (চট্টগ্রাম) :
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের (এমইবি গ্রুপ অব কোম্পানিজ) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লাঠিসোঁটা নিয়ে একদল যুবক প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দরজার কাচ ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়ায় দুজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন তানজীরুল (২৮) ও অনীক দত্ত (২৭)। দুপুর ১টার দিকে কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে খাতুনগঞ্জে প্রবেশ করেন। পরে তারা ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ের দরজার আয়না ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ সময় আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ধাওয়া করেন। পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পর নিজ প্রতিষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন মোহাম্মদ শামসুল আলম। তিনি বলেন, “খাতুনগঞ্জ বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র। আমাদের প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এমন হবে তা কখনও কল্পনাও করতে পারিনি।”
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে বিচার দাবি করেছেন শামসুল আলম।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। তার ব্যক্তিগত সহকারী শাহ আলম বলেন, হামলায় প্রতিষ্ঠানের কাচের দরজা, একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।