
চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান শেখ রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক মো:আতাউর রহমান শেখ আর নেই। ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন,সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।রোববার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কুমারভোগ ইউনিয়নের বড় প্রজেক্ট এলাকায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।রোববার বাদ জোহর মাওয়া চৌরাস্তা মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ফুল দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:নিয়াজ ভূইয়া এবং পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।মরহুম আতাউর রহমান শেখ ১৯৫১ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মনসুর আলী শেখ এবং মাতার নাম জরিনা বেগম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন দেশমাতৃকার স্বাধীনতা অর্জন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।দীর্ঘ ও গৌরবময় সামরিক জীবন শেষে ১৯৯৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি।
কর্মজীবনে দেশপ্রেম,দায়িত্ববোধ ও শৃঙ্খলার পরিচয় দেওয়া এই বীর মুক্তিযোদ্ধা নিজ এলাকায় একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়ে,আত্মীয়-স্বজন,সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান শেখের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।তাঁর দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।