
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে মিজানুর রহমান আখন্দকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাঁর কাছে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সাংগঠনিক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মিজানুর রহমান আখন্দকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি।
বরং আত্মপক্ষসমর্থনের সুযোগ দিয়ে নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর বরাবর লিখিত জবাব, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং অভিযোগের ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নোটিশে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে, অভিযোগের বিস্তারিত বিবরণ নোটিশে প্রকাশ করা হয়নি। পাশাপাশি এ বিষয়ে মিজানুর রহমান আখন্দের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। তাঁর লিখিত জবাব ও আত্মপক্ষসমর্থনের পর দলীয় কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তে বিষয়টির সাংগঠনিক পরিণতি নির্ধারিত হবে।