
জামালপুরে নায়েবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মেহেদী জামান বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নামজারি, খাজনা, ভূমি সংক্রান্ত কাগজপত্র যাচাইসহ বিভিন্ন কাজে অযৌক্তিক বিলম্ব, অতিরিক্ত অর্থ দাবি এবং অসদাচরণের অভিযোগ তুলে তারা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, মেহেদী জামান বাপ্পির বিরুদ্ধে এটি নতুন কোনো অভিযোগ নয়। এর আগে তিনি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন, রশিদপুর ইউনিয়নসহ বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার কথাও উল্লেখ করেন তারা। অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, ভূমি অফিস জনগণের সেবার প্রতিষ্ঠান। কিন্তু দুর্নীতি ও হয়রানির কারণে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মেহেদী জামান বাপ্পির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি বক্তব্য দিলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বা বিষয়টি নজরে এলে তদন্ত করে প্রয়োজনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।