
টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল সেনাসদস্য তিতাসের
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় মানবপাচার চক্রের সদস্যদের ছোড়া গুলিতে বুকের বাঁ পাশে গুরুতর আহত হন সৈনিক তিতাস শেখ।
পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত তিতাস শেখ নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন।
তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। একজন তরুণ সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন তাঁর স্বজন ও স্থানীয়রা।