
টেন্ডুমুখ স্কুলের সামনে চাঁদের গাড়ি খাদে, নিহত ২, আহত ৫
মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়, টেন্ডুমুখ সড়কে টেন্ডুমুখ স্কুলের সামনে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে তিন্দু থেকে টেন্ডুমুখের দিকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত সবাই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা নিজস্ব ব্যবস্থাপনায় চাঁদের গাড়িতে করে তিন্দু ও টেন্ডুমুখ এলাকায় ভ্রমণে যাচ্ছিলেন।
নিহতরা হলেন, খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম ওরফে পালিশ (৩৭)। আহত পাঁচজন হলেন শীষ মো. রাসেল, লিটন সিকদার, লিটন ড্রাইভার, কাদের হোসেন খলিফা কাদির ও শাহজালাল হোসেন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মিয়েল চাকমা।
দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।